জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর সুমোটোতে ছুরিকাঘাতে পাঁচজন নিহত হয়েছেন। এঘটনায় জড়িত সন্দেহে সোমবার এক বেকার ব্যক্তিকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এই তথ্য জানিয়েছে।
জাপানের গণমাধ্যম জানিয়েছে, গ্রেফতারকৃত ঐ ব্যক্তির নাম তাতসুহিকো হিরানো। তাকে গ্রেফতার করার সময় তার কাপড়ে রক্তের দাগ ছিল। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ একটি বাড়ি থেকে বয়স্ক দুই নারী ও একজন পুরুষের লাশ উদ্ধার করেছে। তাদের বয়স ৫০ থেখক ৬০ বছরের মতো। এর কাছের একটি ভবনে বয়স্ক এক দম্পতির লাশ উদ্ধার করেছে। নিহত দম্পতির বয়স ৮০ বছরের মতো।
জিজি প্রেস জানিয়েছে, আক্রমণকারী ঘটনাস্থল থেকে কাছেই তার বাবা ও দাদির সঙ্গে বাস করতো। স্থানীয়রা জানিয়েছে, সে খুব কমই বাড়ির বাইরে যেত।