দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগ নেতা আহত, গ্রেফতার ৫

বাগেরহাটের শরণখোলা উপজেলায় মুখোশ পরিহিত দুর্বৃত্তদের রাম দা’র কোপে এবং হাতুড়ি পেটায় আওয়ামী লীগ নেতা শামীম মুন্সী গুরুতর আহত হয়েছেন। রবিবার রাত ১০টার দিকে উপজেলার আমড়াগাছিয়া বাজারে এ ঘটনা ঘটে। শামীমকে আশংকাজনক অবস্থায় প্রথমে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে, এ ঘটনায় জড়িত অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা শামীম আকন, ডালিম হোসেন মাঝি, মনির হোসেন, আসাদ ফরাজী ও রহমান হাওলাদারকে পুলিশ আটক করেছে। 
এলাকাবাসী ও পুলিশ জানায়, রাত ১০টার দিকে ধানসাগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শামীম মুন্সী আমড়াগাছিয়া বাজার থেকে সঙ্গী নিখিল বিশ্বাসকে নিয়ে বাড়ি ফিরছিলেন। বাজার সংলগ্ন বাগেরহাট-শরণখোলা সড়কের ব্রিজে আসা মাত্র আগে থেকে ওঁৎ পেতে থাকা ১৫/১৬ জন দুর্বৃত্ত রড ও হাতুড়ি নিয়ে তার ওপর আক্রমণ চালায়। প্রাণ বাঁচাতে শামীম দৌঁড়ে আমড়াগাছিয়া বাজারের মান্নান মিয়ার হোটেলে আশ্রয় নেন। সেখানে গিয়ে দুর্বৃত্তরা শামীমকে উপর্যুপরি রাম দা, হাতুড়ি পেটা ও রড দিয়ে আক্রমণ করে গুরুতর জখম করে। আশঙ্কাজনক অবস্থায় এখন তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।