‘সে আমাকে ছুরিকাঘাত করছে ডার্লিং’-সিডনিতে মুঠোফোনে স্বামী অরুণ কুমারকে বলেছিলেন স্ত্রী প্রভা অরুণ কুমার। তখন অসহায় স্বামী ছিলেন হাজার মাইলে দূরে ভারতে। এরপরই তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়।
গত শনিবার রাতে অস্ট্রেলিয়ার সিডনির পরমাত্মা পার্কে বাসা থেকে মাত্র ৩০০ মিটার দূরে হামলার শিকার হন ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মকর্তা প্রভা (৪১)। এসময় মুঠোফোনে স্বামীর সঙ্গে কথা বলছিলেন তিনি। কথা বলার মাঝখানে তিনি চিত্কার করে তাকে ছুরিকাঘাত করার কথা বলেন। এক পথচারী প্রভাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে হাসপাতালেও নেয়া হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।
IMG0
বাড়িতে দ্রুত পৌঁছানোর জন্য রাত সাড়ে নয়টার দিকে পরমাত্মা পার্কের ভেতর দিয়ে যাওয়ার সময় তিনি হামলার শিকার হন। সিডনিতে প্রভার সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন সারদা। টেলিগ্রাফ পত্রিকাকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, পার্কের মধ্য দিয়ে বাড়ি না ফেরার কথা বলেছিলাম। এর পরিবেশ নিরাপদ নয়। সেখানকার কিছু মানুষ দুই ডলারের জন্যও অন্যদের আটকায়, অনেক সময় হামলাও করে।
সারদা বলেন, প্রভা তার স্বামী ও সন্তানকে খুব ভালোবাসতেন। কাজ শেষ করেই তিনি ফোনে স্বামী ও মেয়ের সঙ্গে কথা বলতে বলতে বাড়ি ফেরেন।
পুলিশ একটি সিসিটিভি ফুটেজ পেয়েছে। সেখানে দেখা গেছে, প্রভা মুঠোফোনে কথা বলতে বলতে তিনি পার্কের মধ্য দিয়ে যাচ্ছিলেন। এর কিছুক্ষণ পরেই তিনি হামলার শিকার হন।