পরমাণু চুক্তিতে সকল পক্ষই লাভবান হোক: ইরান

 
ইরানের পারমাণবিক ইস্যুতে ছয় জাতি আলোচনার মধ্য দিয়ে যেন সকল গোষ্ঠীর স্বার্থ রক্ষা হয় এমনই একটি চুক্তিতে পৌঁছাতে চাচ্ছে দেশটি। দেশটির পারমাণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধান আলি আকবর সালেহির বরাত দিয়ে গত রবিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানা একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
সংস্থাটির কাছে দেওয়া এক সাক্ষাতকারে সালেহি বলেন, একটি ব্যাপকভিত্তিক চুক্তিতে পৌঁছানোর পথ সুগম হবে না। এখানে অনেক উত্থান-পতন রয়েছে। তবে তার দেশ এবং পি৫+১ রাষ্ট্রগুলোর (যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য,ফ্রান্স,চীন,রাশিয়া এবং জার্মানি) মধ্যকার আলোচনার মাধ্যমে একটি ‘উইন-উইন’ ফলাফল আসবে বলে আশা করেন সালেহি। তিনি বলেন, দুই পক্ষ থেকেই যতদূর সম্ভব পদক্ষেপ নিয়েছে। তবে এ বিষয়ে ইরানের উচিত যথেষ্ট প্রজ্ঞা ও ধৈর্য দেখানো। এছাড়া একইদিন প্রেস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে এইওআই এর মুখপাত্র বেহরুজ কামালভানদি বলেছেন, পরমাণু আলোচনায় টেকনিক্যাল বিষয়গুলো ঠিক হয়ে যাওয়ায় সেটি পরমাণু চুক্তিকে আরো তরান্বিত করবে।
গত ২২ ফেব্রুয়ারি জেনেভায় এ নিয়ে  ইরান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং জাভেদ জারিফ তিনদিনের বৈঠক করেন। যেসব টেকনিক্যাল বিষয় নিয়ে অচলাবস্থা চলছিল এ বৈঠকে তা দূর হয়েছে বলে জানান সালেহি। যদিও দুই পক্ষের ভেতর এখনো অনেক বিষয় নিয়ে মতপার্থক্য রয়েছে,তারপরও আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে তাদের প্রতিনিধিরা জাতীয় স্বার্থ এবং পরমাণু কর্মসূচি চালানোর অধিকার খর্ব হয় এমন কোন পদক্ষেপ নেবেন না বলেও সরাসরি জানিয়ে দেন সালেহি। এদিকে এ বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত যাতে সহজেই নেওয়া যায় সেটি নিশ্চিত করতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে চীন।