গাইবান্ধায় শিক্ষা প্রতিষ্ঠানে ককটেল সদৃশ বস্তু, আতঙ্ক

গাইবান্ধা শহরের খানকাহ্শরীফ এলাকায় আহম্মেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ থেকে পুলিশ সোমবার তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে। এতে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে অনেক শিক্ষার্থীর অভিভাবক তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন।
এর আগে শনিবার গাইবান্ধা শহরের পশ্চিমপাড়ার বাসিন্দা গাইবান্ধা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিয়ারুল ইসলামের বাড়ি থেকে একটি এবং রবিবার গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর স্কুল এন্ড কলেজ থেকেও ২টি ককটেল উদ্ধার করা হয়।
প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাজহারুল মান্নান জানান, গত রবিবার রাতে শহরের আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ খানকাহ্শরীফ এলাকায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে স্থানীয় লোকজন বের হয়ে আসলে ককটেল নিক্ষেপকারীরা পালিয়ে যায়। 
তিনি আরো জানান, আজ সোমবার সকালে ওই প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা খোলার সময় লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ঝুলন্ত অবস্থায় ১টি ও মাটিতে পড়ে থাকা ২টি ককটেল সদৃশ বস্ত দেখতে পান স্কুলের চতুর্থ শ্রেণির কর্মচারী লিটন মিয়া। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে ককটেল গুলো উদ্ধার করে। 
গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ককটেল সদৃশ বস্তুগুলো উদ্ধার করে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। এগুলো লাল স্কচটেপে মোড়ানো এবং আকারে বেশ বড়। উদ্ধারকৃত বস্তুগুলো ককটেল কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।