ইংল্যান্ডকে পরাজিত করে বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে ওঠায় অভিন্দনের জোয়ারে ভাসছেন টাইগাররা।
সোমবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে বিজয় নিশ্চিত হওয়ার পর অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ও বৃটিশ হাই কমিশনার রবার্ট গিবসন। একই সঙ্গে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়-কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানানো হয়েছে।
বাংলাদেশের ক্রিকেটে এই জয় মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করেছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরির জন্য মাহমুদুল্লাহ রিয়াদকেও বিশেষ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, অভিনন্দন বার্তায় ক্রিকেটভক্ত প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। দেশ এবং দেশের বাইরে থাকা বাংলাদেশ ক্রিকেটের অগণিত ভক্তদের শুভেচ্ছা জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ দলের সব ক্রিকেটার, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে জয়ের ধারা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী অভিনন্দন বার্তায় বলেন, রয়েল বেঙ্গল টাইগারের অমিত তেজ ও অদম্য মনোবল নিয়ে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের লাল-সবুজের পতাকা সমুন্নত রাখবে।