বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: বিএনপি

 
বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ সোমবার এক বিবৃতিতে বলেছেন, দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা, শান্তি, সমৃদ্ধ ও উন্নত গণতন্ত্রের দেশ হিসেবে রূপান্তরের লক্ষ্যে চলমান গণআন্দোলনের বিজয়ের কোন বিকল্প নেই। প্রয়োজনীয় সাংবিধানিক সংশোধনীসহ জাতীয় সনদ রচনার লক্ষ্যে গড়ে উঠা জাতীয় ঐকমত্যকে অগ্রগণ্য করে জাতীয় মুক্তির এই আন্দোলনকে যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া আজ সময়ের দাবি। বলিষ্ঠ রক্তঝরা এই সংগ্রাম সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্রের বিজয় পতাকা উড়াবেই ইনশা আল্লাহ। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র মুক্তির এই গণআন্দোলন অব্যাহত থাকবে।
তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের প্রতিযোগিতায়  শীর্ষ অবস্থানে বাংলাদেশ; পরিণামে অস্তিত্ব সংকটে নিপতিত হওয়ার শংকায় দেশ ও জাতি। জাতিসংঘ, ইইউ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ সকল জাতীয় ও আন্তর্জাতিক মহল বাংলাদেশে সরকারি পৃষ্ঠপোষকতায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করলেও সরকার ক্ষমতার উত্তাপে নির্বিকার।