ফিরোজ রশীদের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগে তদন্ত

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনের এমপি কাজী ফিরোজ রশীদের বিরুদ্ধে অন্যের পৈত্রিক সম্পত্তি আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
সোমবার কমিশন এ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে অভিযোগ অনুসন্ধানে দুদকের উপ-পরিচালক মো. জুলফিকার আলীকে অনুসন্ধানকারী ও পরিচালক নূর আহাম্মদকে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে। 
দুদক সূত্র জানায়, রাজধানীর সিটি কলেজের পেছনে ধানমন্ডি জিগাতলায় অবস্থিত অন্যের পৈত্রিক সম্পত্তি জাল কাগজপত্র তৈরির মাধ্যমে সেখানে তিনি সাইনবোর্ড টাঙিয়ে তা দখল করেছেন বলে অভিযোগ রয়েছে। সুনির্দিষ্ট এ অভিযোগ কমিশনের প্রাথমিক সোর্সে যাচাই করে সত্যতা পাওয়ায় এ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। অনুসন্ধানের স্বার্থে শিগগিরই এ সংক্রান্ত নথিপত্র তলব করা হবে। পরবর্তী সময়ে কাজী ফিরোজ রশীদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।