বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ে কুমিল্লায় বের হওয়া আনন্দ মিছিলের সময় এক দল দুর্বৃত্তরা লাঠি মিছিল বের করে গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপসহ ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় পেট্রলবোমার আগুনে ২টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকার পুড়ে যায়। এছাড়াও দুর্বৃত্তরা কমপক্ষে ২০-২৫টি অটোরিকশাসহ যানবাহন ভাঙচুর করে। সোমবার সন্ধ্যায় নগরীর লাকসাম সড়কের রামঘাট ও রেইসকোর্স এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিশাল জয়ে নগরবাসী যখন উত্সবমুখর আনন্দে মেতে ওঠে, তখন ২৫-৩০ জনের দুর্বৃত্তদের একটি দল আনন্দ মিছিলের নামে ওই এলাকায় লাঠিসোটা নিয়ে যানবাহনে হামলা, ভাঙচুর চালায় ও পেট্রলবোমা নিক্ষেপ করে। এ সময় পেট্রলবোমার আগুনে ২টি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে যায়। এ স্থানে দুর্বৃত্তরা মুহূর্তের মধ্যে ২০-২৫টি অটোরিকশাসহ যানবাহন ভাঙচুর করে পালিয়ে যায়। এদিকে একই সময়ে নগরীর রেইসকোর্স এলাকায় ১৫-২০ জনের অপর একটি দুর্বৃত্ত দল একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-২৩-৬১৭৫) লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে প্রাইভেটকারটি আগুনে পুড়ে যায়।
কুমিল্লার পুলিশ টুটুল চক্রবর্তী সাংবাদিকদের জানান, ‘ক্রিকেটে বাংলাদেশের এ বিজয়ে জনগণ যখন আনন্দ-উল্লাস করছিল তখন সুযোগ বুঝে দুর্বৃত্তরা এ নাশকতার ঘটনা ঘটিয়েছে। তাদের ধরতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম মাঠে কাজ করছে। নগরীতে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’