যুব কল্যাণ তহবিল আইনের খসড়া অনুমোদন

স্বেচ্ছাসেবী যুব সংগঠনগুলোকে অনুদান দেয়ার বিধান রেখে ‘যুবকল্যাণ তহবিল আইন-২০১৫’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ভেটিং সাপেক্ষে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রেস ব্রিফিংয়ে বলেন, ১৯৮৫ সালে সামরিক শাসন আমলের এ সংক্রান্ত অধ্যাদেশ পরীক্ষা- নিরীক্ষা করে আইনের খসড়াটি চূড়ান্ত করা হয়। সামরিক শাসনামলে জারি করা ‘দি ইয়ুথ ওয়েলফেয়ার ফান্ড অর্ডিনেন্স ১৯৮৫’ দিয়ে এতদিন যুবকল্যাণ তহবিল পরিচালিত হয়ে এসেছে। নতুন আইনের ফলে শিক্ষা, বিজ্ঞান, ক্রীড়া, কারিগরি, কলা ও সংস্কৃতি কাজের জন্য যুব সংগঠনগুলোকে অনুদান দেয়া যাবে। অন্যখাত থেকেও তহবিলে টাকা নেয়ার সুযোগ রাখা হয়েছে।
আরো ৩৫ এপিএ স্বাক্ষর: বৈঠকের শুরুতে  প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ৩৫টি অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট (এপিএ) স্বাক্ষর করা হয়েছে বলেও জানান মন্ত্রী পরিষদ সচিব। প্রত্যেক মন্ত্রণালয় কর্মপরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নের জন্য এই চুক্তি করছে। এতে সরকারের সার্বিক ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আসবে বলে জানান মন্ত্রী পরিষদ সচিব। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রথম ১০টি এপিএ স্বাক্ষরিত হয়।
টার্গেট অর্জনে সহায়তার জন্য প্রধানমন্ত্রীর পক্ষে মন্ত্রী পরিষদ সচিব ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা এপিএ স্বাক্ষর করেন।
ঈশ্বরদী বিমানবন্দর প্রসঙ্গ: সূত্র জানায়, মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ঈশ্বরদী বিমানবন্দরে উড়োজাহাজ চালুর জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন। দীর্ঘদিন ধরে ওই বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ রয়েছে। এ সময় প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি রানওয়ের জন্য জায়গা দিতে পারবেন? এ প্রশ্নের কোন উত্তর না দিয়ে ভূমি মন্ত্রী বলেন, পাকিস্তান আমলে এক মাস আগে প্লেনের টিকিট বুকিং হতো। এখন চলাচলই করছে না।

প্রসঙ্গ ক্রিকেট: এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে বিশ্বকাপ খেলায় বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ ক্রিকেট দলের শুরুতে উইকেটের পতনে মন্ত্রিসভার কয়েকজন সদস্য আপেক্ষ করে বলেন, শুরুতেই ২/৩টা উইকেট গেল। এ নিয়ে মন্ত্রিসভার কয়েক সদস্যের মন খারাপ ছিল। তবে কয়েকজন মন্ত্রিসভার সদস্য আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ ক্রিকেট দল শেষ পর্যন্ত জয়ের ধারা অব্যাহত রাখবে।