গত এক বছরে মহাসড়কগুলোতে পুলিশের এফআইআর অনুযায়ী ২ হাজার ২৭টি দুর্ঘটনা ঘটেছে। এতে ২ হাজার ৬৭ জন নিহত এবং ১ হাজার ৫৩৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার জাতীয় সংসদে সামশুল হকের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সংসদে এসব তথ্য জানান।
সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোটের অব্যাহত হরতাল-অবরোধের ২৯ দিনে পরিবহন খাতে ৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে। গত ৫ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরেন তিনি। মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, এই সময়ে ৩২৫টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৫০০টি যানবাহনে ভাঙচুর করা হয়েছে। এই সময়কালে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির ক্ষতি হয়েছে ১৬ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা। এর মধ্যে অগ্নিসংযোগে ক্ষতি হয়েছে ৭৭ লাখ ৩৬ হাজার ৩০০ টাকা, ভাঙচুরের ?কারণে ক্ষতি ৪ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা, রাজস্ব ক্ষতি ১৫ কোটি ৬২ লাখ ৬৩ হাজার ১০০ টাকা।