কুষ্টিয়ায় ১৪ দলের সভা পণ্ড

কুষ্টিয়ায় আওয়ামী লীগের সাথে শরীক দলের টানাপোড়নে ১৪ দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচী পণ্ড হয়ে গেছে। সোমবার বিকালে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে ১৪ দলের কেন্দ্র ঘোষিত সন্ত্রাস বিরোধী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনুষ্ঠানে ১৪ দলের শরীক দলের নেতাদের অংশগ্রহণ নিশ্চিত না করেই মাইকিংয়ে শুধুমাত্র আওয়ামী লীগ নেতাদের নাম প্রচার করায় ১৪ দলের অন্য শরীক দলের নেতাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে বিক্ষুব্ধ শরীক দলের নেতারা পাল্টা কর্মসূচী ঘোষণা করায় কেন্দ্র ঘোষিত কর্মসূচী শেষ পর্যন্ত পণ্ড হয়ে যায়।

১৪ দলের অন্যতম শরীক দল জেলা জাসদের সভাপতি গোলাম মহাসিন জানান, কেন্দ্র ঘোষিত সন্ত্রাস বিরোধী জনসভার আয়োজন করা হলেও শরীক দলের নেতাদের সাথে কোন আলোচনা ও সমন্বয় না করেই আওয়ামী লীগ নেতারা কর্মসূচী বাস্তবায়নের উদ্যোগ নেয়। ফলে জাসদ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টিসহ (জেপি) অন্যান্য শরীক দলের নেতাদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দানা বাঁধে। পরবর্তীতে ১৪ দলের শরীক নেতৃবৃন্দ শহরের মজমপুর গেটে কেন্দ্র ঘোষিত সন্ত্রাস বিরোধী পৃথক সভা বাস্তবায়নের ঘোষণা দেয় এবং সভা সাফল্যমণ্ডিত করার জন্য পাল্টা মাইকিং করে প্রচারণা চালায়। এ ঘটনায় আওয়ামী লীগ এবং ১৪ দলের শরীক দলীয় নেতাদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নেয়। পরবর্তীতে বিষয়টি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কান পর্যন্ত গড়ালে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে কেন্দ্র ঘোষিত সন্ত্রাস বিরোধী সভা পালনের কর্মসূচী বাতিল করে দেয়া হয়।
জাতীয় পার্টি (জেপি) কুষ্টিয়া জেলা কমিটির আহ্বায়ক রোটারিয়ান জাহাঙ্গীর হোসেন জানান, কুষ্টিয়া জেলা আওয়ামী  লীগের নেতারা ১৪ দলের শরীক দলের নেতৃবৃন্দকে তেমন মূল্যায়ন করেন না। ফলে আওয়ামী লীগের সাথে শরীক দলের নেতাকর্মীদের দূরত্ব বাড়ছে। এ বিষয়ে তিনি কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।

তবে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী আওয়ামী লীগের সাথে ১৪ দলের শরীক নেতাদের টানাপোড়েনের কথা অস্বীকার করেন। তবে কেন্দ্র ঘোষিত সন্ত্রাস বিরোধী সভা কেন্দ্রের নির্দেশে বন্ধ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।