ইন্ডো-অস্ট্রেলিয়ান রোম্যান্টিক কমেডি ধাচের বলিউডি সিনেমা 'আনইন্ডিয়ান'র পর্দায় দেখা যাবে প্রাক্তন অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লিকে।
ভারতীয় গণমাধ্যম জানায়, বেশ কয়েক বছর আগে থেকেই বলিউডে অভিনয় ইনিংস শুরু করার ইচ্ছা প্রকাশ করে আসছেন ব্রেট। ইচ্ছার সাড়া হিসেবে ব্রেট বহুদিন ধরেই বলিউডে অভিনয় করার প্রস্তাব পাচ্ছিলেন। কিন্তু ক্রিকেটের প্রতি তার পেশাদারিত্ব মনোভাবের কারণে বড় পর্দা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। অবসরের পরে বেশ কিছুটা সময় তিনি ভারতে কাটিয়েছিলেন। সেই সময় ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয় পরিচালক ও লেখক অনুপম শর্মা তাকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন। অনুপমের স্ক্রিপ্ট পড়ে খুব পছন্দ হয় লি’র। বলিউডে নতুন ইনিংস শুরু করতে রাজি হয়ে যান তিনি। এই রোম্যান্টিক কমেডিতে ব্রেট লির বিপরীতে তনিষ্ঠা চ্যাটার্জিকে অভিনয় করতে দেখা যাবে।
ব্রেট লির বলিউড অভিষেক স্মরণীয় করে রাখতে সিনেমাটিতে একটি হোলি খেলার দৃশ্য রাখা হয়েছে। ভারতের এই রঙের উৎসবে এই প্রথম মনের আনন্দে মাতলেন অস্ট্রেলীয় এক ক্রিকেটার। শ্যুটিং চলার সময় নানা রঙে রঙিন হয়ে বেজায় খুশি লি।