সিরাজগঞ্জে স্কুল ছাত্র হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বেতকান্দি ইউনিয়নের সুবৈদ্য মরিচ গ্রামের রাকিবুল ইসলাম, একই এলাকার জুয়েল হোসেন, আ. সালাম ও আব্দুল জব্বার।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের দাখিল পরীক্ষার্থী উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের বগুড়া দাখিল মাদ্রাসার ছাত্র হাসমত আলীকে ২০০৯ সালের ১০ ডিসেম্বর সন্ধ্যায় আসামিরা বাড়ি থেকে ডেকে নিয়ে ছুকারিঘাত করে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় প্রথম তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নতি চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পিতা আয়নাল হক বাদী হয়ে সাতজনকে আসামি করে সিরাজগঞ্জ আমলী আদালতে মামলা করেন।
মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা উল্লাপাড়া থানার এসআই আব্দুল বারী ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালতে চারজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও দুইজনকে বেকসুর খালাস দেন।