ভারতীয় এলাকায় ঢুকে পড়া ট্রাক্টরটি ফেরত দেয়নি বিএসএফ

 
পঞ্চগড় জেলা সদরের হাড়িভাসা সীমান্তে জমি চাষ করার সময় ভুলক্রমে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়া ট্রাক্টরটি দুই দিনেও ফেরত দেয়নি বিএসএফ। ট্রাক্টরটি ফেরত না দেয়ায় বাংলাদেশি নাগরিকরাও সীমান্ত এলাকা থেকে ভারতীয় ১০টি গরু ধরে নিয়ে আসায় ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এনিয়ে স্থানীয় বিজিবির আহ্বানে পতাকা বৈঠকে ট্রাক্টরটি ফেরত দেয়ার কথা থাকলেও মঙ্গলবার বিকেল পর্যন্ত বিএসএফ তা ফেরত দেয়নি। 
বিজিবি ও স্থানীয় সীমান্তবাসী সূত্র জানায়, গত রবিবার বিকেলে পঞ্চগড় জেলা সদরের হাড়িভাষা ইউনিয়নের বর্মতল এলাকার কৃষক তাইজুল হক হালচাষ করার সময় ভুলক্রমে ট্রাক্টর নিয়ে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। এ সময় ভারতের টিয়াপাড়া বিএসএফ ফাঁড়ির টহল দল ট্রাক্টরটি আটক করে। তাইজুল কৌশলে বাংলাদেশে পালিয়ে আসে। ঘটনার পরই বাংলাদেশি নাগরিকরা সীমান্তে বেঁধে রাখা ভারতীয় ১০টি গরু নিয়ে আসে। এ ঘটনার পর থেকে ওই সীমান্তে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় বিজিবি’র ঘাগড়া বিওপি’র পক্ষ থেকে  ট্রাকটর ফেরত চেয়ে টিয়াপাড়া বিএসএফ ফাঁড়ি কর্তৃপক্ষকে চিঠি প্রেরণ করেছে। 
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিএসএফ ট্রাক্টরটি ফেরত দিতে রাজী হয়েছে। এরই মধ্যে ভারত থেকে আনা গরুগুলো ফেরত দেয়ার প্রক্রিয়া চলছে।