ইরান প্রশ্নে রিপাবলিকানদের সমালোচনায় মুখর ওবামা

 
পরমাণু চুক্তি বিষয়ে ইরানের কাছে মার্কিন রিপাবলিকান দলীয় সিনেটরদের লেখা চিঠির তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি একে পারমাণবিক চুক্তি নিয়ে চলমান আলোচনায় হস্তক্ষেপ বলেও উল্লেখ করেছেন। এছাড়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ইরানী নেতৃবৃন্দের কাছে রিপাবলিকান আইনপ্রণেতাদের চিঠি পাঠানোর তীব্র সমালোচনা করে একে সিনেটের জন্য চরম অবমাননাকর হিসেবে বর্ণনা করেছেন।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সাথে যুক্তরাষ্ট্রের যে আলোচনা চলছে তার বিরোধিতা করে সোমবার রিপাবলিকান দলের ৪৭ সিনেটর ইরানী নেতৃবৃন্দের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। যুক্তরাষ্ট্র সিনেটের সাত রিপাবলিকান সদস্য ছাড়া বাকি সবাই ওই খোলাচিঠিটিতে সই করেছেন।
ওবামার ডেমক্রেট দলীয় কোনো সিনেটর ওই চিঠিটিতে সই করেননি। রিপাবলিকান সহকর্মীদের এই পদক্ষেপকে 'চমকবাজি' হিসেবে অভিহিত করেছেন তারা।
ইরানী নেতৃবৃন্দের উদ্দেশ্যে লেখা চিঠিতে বলা হয়েছে, আপনারা আমাদের সাংবিধানিক পদ্ধতি সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল নন। পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট এ ধরনের নির্বাহী চুক্তি বাতিল করতে পারেন এবং ভবিষ্যতের কংগ্রেস যে কোন সময় চুক্তির শর্ত পরিবর্তন ও পরিমার্জনের ক্ষমতা রাখে। এমনকি প্রেসিডেন্ট ওবামা যখন ২০১৭ সালের জানুয়ারি মাসে তার দ্বিতীয় মেয়াদ শেষ করবেন তখনো আমাদের অনেকেই তার দায়িত্বে রয়ে যাবেন। ফলে এ ধরনের চুক্তির ব্যাপারে আমরা আপনাদের নিরোত্সাহিত করছি।
এদিকে চিঠির তীব্র সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ৪৭ সিনেটর এই ধরনের চিঠি লিখে ইরানের কট্টর ধর্মীয় নেতাদের সঙ্গে একধরনের অস্বাভাবিক জোট তৈরি করেছেন। তারপরও তিনি তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে ঘোষণা দেন। যদিও এই চিঠির মধ্য দিয়ে ইরানকে এবিষয়টি স্মরণ করিয়ে দেয়া হল যে কংগ্রেস অনুমোদন না দেয়া পর্যন্ত এটি শুধুমাত্র একটি নির্বাহী সমঝোতা যা পরবর্তী প্রেসিডেন্ট করতে পারেন।
প্রসঙ্গত: ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। আগামী ৩১ মার্চ এর একটি খসড়া রূপরেখা প্রণয়ন করা হবে। এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী গত সপ্তাহে ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ মার্কিন কংগ্রেসে ভাষণ দেয়ার পরপরই সিনেটররা এই চিঠি লিখলেন। সূত্র: বিবিসি