গাজীপুরে বিকাশ কর্মীকে ছুরিকাঘাতে খুন করে পৌনে দুই লাখ টাকা লুট করে নিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বোর্ড বাজার এলাকায় ফখর উদ্দিন কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম রবিন সরকার (২২)। তিনি টাঙ্গাইলের মধুপুর থানার মোড়েরবাজার এলাকার আউষনাড়া গ্রামের রজব আলী সরকারের ছেলে। তিনি গত এক মাস আগে ‘কানেক্ট ডিস্ট্রিবিউশন’-এ ডিস্ট্রিবিউশন সেলস অফিসার পদে চাকুরি নেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিন বোর্ডবাজার এলাকায় বিভিন্ন দোকান থেকে বিকাশের টাকা তুলছিলেন। দুপুর দেড়টার দিকে বোর্ডবাজারের ফকরুদ্দিন কমিউনিটি সেন্টার সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে তার পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন গুরুত্বর অবস্থায় উদ্ধার করে স্থানীয় তায়রুনেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে তিনটি টিম অভিযান চালাচ্ছে।