পুলিশ জানায়, রবার্টসনগঞ্জ এলাকার যুবদল কর্মী রাসেল মিয়ার বাড়িতে বিকেলে বোমা তৈরি করছিলেন জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরকার বিপ্লব। এ সময় হঠাত্ করে বিকট শব্দে বোমা বিস্ফোরিত হলে বিপ্লবের হাতের কব্জি এবং ওই বাড়ির চালা এবং আসবাবপত্র উড়ে যায়। ঘরের মেঝে ও উঠোন রক্তে ভেঁসে যায়। বিস্ফোরণের পর বাড়ি মালিকের অন্যান্য ভাড়াটিয়ারা বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। পরে আহত বিপ্লবকে তার সঙ্গীরা উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। বিস্ফোরণের খবর পেয়ে র্যাব-১৩ রংপুরের উপ-অধিনায়ক মেজর আবু ফরহান করীম, র্যাব-১৩ এর এএসপি মিজানুর রহমান খান, সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীরসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখান থেকে বোমা তৈরির আলামত ও উপকরণ উদ্ধার করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতাল থেকে বিপ্লবকে গ্রেফতার করে পুলিশ। এ রিপোর্ট পাঠানোর সময় হাসপাতালে পুলিশী প্রহরায় বিপ্লবের চিকিত্সা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছিল।