অ্যাডিলেড ছেড়ে অকল্যান্ডে বাংলাদেশ

 
 
ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ এক জয়ের আমেজ নিয়ে মঙ্গলবার এডিলেড ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা সাকিব-মাশরাফিরা সকালেই অকল্যান্ডের উদ্দেশে অ্যাডিলেড ছাড়েন। সেখানেই আজ অবস্থান করার কথা রয়েছে টাইগারদের।
 
দলটি বুধবার সকালে যাত্রা করবে হ্যামিল্টনের উদ্দেশে। যেখানে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। হ্যামিল্টনের সেডন পার্কে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে মাশরাফি বাহিনী।
 
দুটি দলই ইতোমধ্যে শেষ আটে জায়গা করে নিয়েছে। তবে গ্রুপ পর্বে ৫ ম্যাচের সবকটিতে জয় নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে কিউইরা। তাদের লক্ষ্য ১৩ মার্চ শুক্রবার শেষ ম্যাচে বাংলাদশকে হারিয়ে অপরাজিত থেকে নকআউট পর্বের মিশনে অবতীর্ণ হওয়া। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত অসুস্থতা ভর করেছে স্বাগতিক খেলোয়াড়দের। একাধিক খেলোয়াড় পেটের গ্যাস্ট্রিকজনিত সমস্যায় ভুগছে।

এদিকে সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ রানের অসাধারণ এক জয়ে ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ। দলটির ধারবাহিক পারফর্মেন্সও মুগ্ধ করেছে বিশ্ববাসীকে। তবে বিশ্বকাপে ফর্ম ও শক্তি বিবেচনায় মাশরাফি-সাকিবদের চেয়ে এগিয়ে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। তারপরও উড়ন্ত বাংলাদেশের সামনে কোনো দলই যে স্বস্তিতে থাকবে না এটাও স্বীকৃত।