জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩

শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘মৃত্তিকা মায়া’ কবরীকে আজীবন সম্মাননা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩ ঘোষণা করা হয়েছে। দেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীদের বাংলাদেশ সরকার এ পুরস্কারে ভূষিত করেছে। এবার ২৫টি ক্যাটাগরিতে বিশিষ্টজনেরা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।

চলচ্চিত্রে চার দশকেরও বেশি সময় ধরে বিশেষ অবদান রাখায় এবার আজীবন সম্মাননা পেলেন বাংলা চলচ্চিত্রের কালজয়ী অভিনেত্রী সারাহ্ বেগম কবরী। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে গাজী রাকায়েত ও ফরিদুর রেজা সাগরের ‘মৃত্তিকা মায়া’ এবং শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে সারা আফরীনের ‘শুনতে কি পাও’ ছবিটি। শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হয়েছেন গাজী রাকায়েত (মৃত্তিকা মায়া)। অভিনয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অভিনেতা তিতাস জিয়া (মৃত্তিকা মায়া), যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন শর্মিমালা (মৃত্তিকা মায়া) ও মৌসুমী (দেবদাস)।

উল্লেখ্য, ২৫টি ক্যাটাগরির মধ্যে ১৭টিতেই ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩’তে ভূষিত হয়েছে মৃত্তিকা মায়া ছবিটি।