শ্যামলীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর শ্যামলী মোড়ে অবস্থিত একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির নাম খান প্লাজা। ভবনটিতে বিভিন্ন তলায় ছিল গার্মেন্টস, আবাকি হোটেলসহ নানা ব্যবসায়িক প্রতিষ্ঠান। ভবনটির আট তলার বিলাস গার্মেন্টসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান আদাবর থানার এএসআই মো.কবির। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের খবর জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী, দমকল বাহিনী ও র‌্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, অষ্টম তলায় গার্মেন্টসের একটি কক্ষ থেকে প্রথমে ধোঁয়া উড়তে দেখা যায়। পরে স্থানীয়রা ছুটে যান। খবর পেয়ে দমকল ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তাদের ১৪টি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।