ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে চরের কাজ করছে, এমন অভিযোগে মুহাম্মদ মুসাল্লাম নামের এক ইসরায়েলি আরব তরুণকে হত্যা করেছে আইএস। আর হত্যাকারীর বয়স ১০ বছরের মতো। বুধবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
আইএস বলছে, মুসাল্লাম সিরিয়ায় আইএসে যোগ দেয়। কিন্তু পরে সে স্বীকার করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের চর হিসেবে কাজ করার জন্য সে আইএসে যোগ দিয়েছে।
১৩ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, কমলা রঙয়ের পোশাক পরা মুসাল্লাম ক্যামেরা দিকে তাকিয়ে বলছেন, তাকে সিরিয়ায় আইএসে অনুপ্রবেশ করে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির জন্য নিয়োগ করেছিল দেশটির গোয়েন্দা সংস্থা মোসাড।
ভিডিওর শেষ দৃশ্যে দেখা যায়, ১০ বছরের একটি ফরাসিভাষী বালক মুসাল্লামের কপালে পিস্তল ঠেকিয়ে গুলি করছে। ভিডিওটি অবশ্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।
তবে মুসাল্লাম যে মোসাড নিযুক্ত গুপ্তচর ছিলেন তা অস্বীকার করেছে তার পরিবার এবং ইসরাইলের কর্তৃপক্ষ।
মুসাল্লামের বাবা বলেছেন, আইএস এই কাজ করেছে কেনান তারা পৃথিবী জুড়ে আতঙ্ক সৃষ্টি করতে চায়। ২০১৪ সালে তুরস্কে ভ্রমণ করতে গিয়ে তার ছেলে নিখোঁজ হন বলে জানান তিনি।