খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে যথাসময়ে গ্রেফতার করা হবে।’ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক মানববন্ধনে তিনি আরো বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে যথাসময়ে আইন প্রয়োগ করা হবে। আইন তার নিজস্ব গতিতে চলে। আইন আমলে আসা মাত্র তিনি গ্রেপ্তার হবেন। তিনি যেভাবে পুড়িয়ে মানুষ হত্যা করেছেন, তাতে কোনো অবস্থাতেই তাকে ছাড় দেয়া হবে না।
খাদ্যমন্ত্রী বলেন, ‘গত দুই মাসেরও অধিক সময় ধরে দেশে হরতাল-অবরোধের নামে পেট্রোল বোমা নিক্ষেপ করে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। এর প্রতিটি ঘটনার জন্য খালেদা জিয়া অভিযুক্ত। তাই তার কোনো রক্ষা নেই।’
তিনি বলেন, ‘যখন দেশের সাধারণ মানুষ পুড়িয়ে হত্যা করা হয়, তখন বুদ্ধিজীবীরা নতুন নতুন তত্ত্ব দিয়ে যাচ্ছেন। কী ভাবে খালেদা জিয়ার আগুন নেভাবেন, তা বলছেন না। তারা গণভোটের তত্ত্ব দেন। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা ভাগাভাগির তত্ত্ব দেন। এগুলোর কোনো যৌক্তিকতা নেই।’
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি এ টি এম শামসুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে কবি রবীন্দ্র গোপ, মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার প্রমুখ বক্তব্য দেন।