গাইবান্ধার বিটিসিএল এক্সচেঞ্জ ২১ দিন যাবত্ বিকল

গত ২১ দিন ধরে বিকল হয়ে পড়ে আছে গাইবান্ধা জেলা শহরের বিটিসিএল (বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিঃ) এক্সচেঞ্জটি। ফলে জেলা শহরের প্রায় দেড় হাজার ল্যান্ডফোন গ্রাহক পড়েছেন চরম দুর্ভোগে। গাইবান্ধা জেলা সদরের সকল সরকারি-বেসরকারি অফিস থেকে শুরু করে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানেরও সারাদেশের সাথে টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুধু ফোন নয়, ওই সকল প্রতিষ্ঠানের ফ্যাক্স ও ই-মেইল কার্যক্রম ব্যাহত হচ্ছে। কবে নাগাদ এক্সচেঞ্জ ঠিক হবে তা নিশ্চিত করে বলতে পারছে না বিটিসিএল কর্তৃপক্ষ। গাইবান্ধা বিটিসিএল  এক্সচেঞ্জে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের গাফিলতির কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে গ্রাহকদের অভিযোগ। তবে গাইবান্ধা বিটিসিএল এক্সচেঞ্জের সহকারী পরিচালক (অঃ ও তঃ) কফিল উদ্দিন বলেন, গাফিলতির অভিযোগ সঠিক নয়। কম্পিউটারের সফট্ওয়্যার ক্ষতিগ্রস্ত হওয়ায় এই এক্সচেঞ্জের আওতাধীন সকল ল্যান্ডফোন বিকল হয়ে রয়েছে।

গাইবান্ধা বিটিসিএল এক্সচেঞ্জের সহকারী পরিচালক কফিল উদ্দিন বলেন, স্থানীয় প্রকৌশলীরা  ব্যর্থ হওয়ায় রংপুর, ঢাকা এবং বগুড়া বিটিসিএল কার্যালয়ের টেলিফোন ও কম্পিউটার ইঞ্জিনিয়াররা এসে  মেরামতের চেষ্টা চালাচ্ছেন।