হরতাল অবরোধের নামে মানুষ হত্যা ও জ্বালাও-পোড়াও বন্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মারকলিপি দিয়েছেন জাতীয় সংসদের চিকিত্সক এমপিরা। গতকাল বুধবার দুপুরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের নেতৃত্বে এমপি হাবিব-এ-মিল্লাত, ডা. ইউনুস আলী সরকার, ডা. এনামুর রহমান প্রমুখ স্মারকলিপিটি দিতে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যান। অনেকক্ষণ বাকবিতণ্ডার পর খালেদা জিয়ার পক্ষে শায়রুল কবির খান স্মারকলিপিটি গ্রহণ করেন। এর আগে স্মারকলিপি প্রদানে বনানী মাঠে জড়ো হন চিকিত্সক এমপিরা। সেখান থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়ে ১০ জনের একটি দল স্মারকলিপি দিতে যান।
পরে এমপি মিল্লাত সাংবাদিকদের বলেন, ‘গণতন্ত্রকে হত্যা ও অর্থনৈতিকভাবে দেশকে পঙ্গু করতে খালেদা জিয়া ঘরের ভেতরে থেকে হরতাল-অবরোধের নামে জ্বালাও-পোড়াও কর্মসূচি দিচ্ছেন।’ আরেক সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার না করলে আমরা প্রতিহত করব।”