তানজানিয়ায় বাস ও দুইটি লরির ত্রিমুখী সংঘর্ষে ৪১ জন নিহত হয়েছেন। এছাড়াও এ দুর্ঘটনায় আরও অন্তত ২৩ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার ইরিঙ্গা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।
দেশটির প্রাদেশিক পুলিশ কমান্ডার রামাদান মুঙ্গি বিবিসিকে জানিয়েছেন, প্রতিবেদনে বলা হয়েছে, একটি লরির চালক রাস্তার ভাঙা অংশ এড়াতে সরে গেলে এই দুর্ঘটনা ঘটে। একটি লরির কন্টেইনার বিপরীত দিক থেকে আসা বাসের ওপর পড়ে যাওয়ায় বাসের অনেক যাত্রীর মৃত্যু হয়। বাসটি দারউস সালামে যাচ্ছিল।
তিনি আরো জানান, আহতদেরকে মাফিঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় লরির ভেতর আটকা পড়া মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট জাকায়া কিকওয়াতে দুর্ঘটনার পর এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।