খালেদা জিয়ার আবেদনের শুনানি এপ্রিলে

 
দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাইকোর্টে করা দুইটি আবেদনের শুনানি অবকাশকালীন ছুটির পরে হবে। বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ তারিখ ধার্য করেন।
চলতি মাসের ১৭ তারিখ থেকে ৩১ মার্চ পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশ ছুটি থাকবে।
খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, অবকাশকালীন ছুটির পর বিষয়টি ১ বা ২ এপ্রিল আসবে শুনানিতে আসবে বলে জানিয়েছে আদালত।
এর আগে গত সপ্তাহে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদালত পরিবর্তন ও গ্রেফতারি পরোয়ানা বাতিলের আবেদনের শুনানির জন্য ১২ মার্চ কার্যতালিকায় আসবে বলে তারিখ ধার্য করেছিলেন। আজ নতুন করে আবার দিন ধার্য করা হয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিচারিক আদালতের প্রতি অনাস্থা জানিয়ে গত ২৮ জানুয়ারি খালেদা জিয়া হাইকোর্টে পৃথক দুটি আবেদন করেন। ২৫ ফেবুয়ারি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারিক আদালত। পরে গত ৩ মার্চ আদালত পরিবর্তন চেয়ে করা ঐ আবেদন দুটিতে খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা স্থগিতের আরজি জানিয়ে সম্পূরক আবেদন জমা দেয়া হয়।