বাবার খুনে পুতিন রাজনৈতিকভাবে দায়ী: নেমত্সভ কন্যা

 
রাশিয়ার বিরোধী নেতা বোরিস নেমৎসভের মেয়ে ঝান্না নেমোত্সভ বলেছেন, তারা বাবার মৃত্যুর জন্য অবশ্যই ভ্লাদিমির পুতিন দায়ী। বৃহস্পতিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ঝান্না নেমত্সভ বিবিসিকে বলেছেন, ‘আমি বিশ্বাস করি, হত্যার জন্য পুতিন রাজনৈতিকভাবে দায়ী।’
তিনি বলেছেন, ‘বাবা পুতিনের অন্যতম সমালোচন ছিলেন। রাশিয়ার বিরোধী নেতার মধ্যে তিনি ছিলেন প্রভাবশালী। তার মৃত্যুর পর বিরোধী দল নেতৃত্ববিহীন হয়ে পড়েছে। সবাই ভয় পেয়েছে।’
ঝান্না রাশিয়ার তদন্তকারীদের সাথে যোগাযোগ করেননি। কারণ তিনি মনে করেন, তদন্তকারীরা ‘নিরপেক্ষ’ তদন্ত করতে আগ্রহী নন।
তিনি বলেন, ‘তাকে তার বাবার অ্যাপার্টমেন্টে ঢুকতে দেয়া হয়নি। সেখানে তিনি (নেমত্সভ) তার নথিপত্র রেখেছেন। আমি এখানো বাবার খুনের কথা বিশ্বাস করতে পারছি না। তারা আমার বাবাকে খুন করেছে। আমি, চুপ থাকব না।’
সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী ও রাজনৈতিক নেতা নেমত্সভ রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনের কাছে গত ২৭ ফেব্রুয়ারি গুলিতে নিহত হন।  প্রেসিডেন্ট পুতিন হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ও খুনিদের খুঁজতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন।
একজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হলেও তিনি বলেছেন তাকে জোর করে স্বীকারোক্তি নেয়া হয়েছে। জাউর দাদয়েভ নামের ঐ ব্যক্তি কারা দর্শনার্থীদের বলেছেন, দুইদিন ধরে তার মাথায় একটি ব্যাগ বেঁধে রাখা হয়েছিল। এছাড়া তাকে বলা হয়েছিল, তিনি স্বীকারোক্তি দিলে তার এক বন্ধুকে ছেড়ে দেয়া হবে। এ ঘটনায় আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছে।