আরব আমিরাতকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে গ্রুপ পর্বের ৬ ম্যাচ থেকে ৮ পয়েন্ট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল প্রোটিয়ারা।
বৃহস্পতিবার নিউ জিল্যান্ডের ওয়েলিংটনে টস হেরে প্রথমে ব্যাট করে ডি ভিলিয়ার্সের ৯৯ রানের দুর্দান্ত এক ইনিংসের সুবাদে আমিরাতকে ৩৪২ রানের লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৪১ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। জবাবে ৪৭ ওভার ৩ বল মোকাবেলা করে সব উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে আরব আমিরাত।
প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। মোহাম্মদ নাভিদের বলে আমজাদ আলীর হাতে ক্যাচ দেন হাশিম আমলা। দলীয় ৮৫ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন হয় দক্ষিণ আফ্রিকার। আহমেদ জাভেদের বলে উইকেট রক্ষক সাকলাইন হায়দারের হাতে ক্যাচ দেন ডি কক। এর পরপরই রিলে রসুকে কট এন্ড বোল্ডকরে ফেরত পাঠান মোহাম্মদ তৌকির। এরপর ডি ভিলিয়ার্স ও ডেভিড মিলার ১০৮ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান নিরাপদে। দলীয় ২০৪ রানের মাথায় ব্যক্তিগত ৪৯ রানে মোহাম্মদ নাভিদের বলে বোল্ড হন মিলার। তবে এসব উইকেট পতন স্কোরে প্রভাব ফেলতে পারেনি। যে এসেছে সেই রান করেছেন। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন ডি ভিলিয়ার্স।