মংলায় নির্মাণাধীন ভবন ধসে নিহত ৫, বহু হতাহতের আশঙ্কা

                             
বাগেরহাটের মংলা বন্দরের শিল্প এলাকায় সেনাকল্যাণ সংস্থার এ্যালিফ্যান্ট ব্র্যান্ডের মংলা সিমেন্ট ফ্যাক্টরির নির্মাণাধীন ৫ তলা ভবনের ছাদ ধসের ঘটনায় এ পর্যন্ত ৫ জন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে ২৫ জনকে। আহতদের খুলনা শেখ আবু নাসের বিষেশায়িত হাসপাতাল, মংলা বন্দর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিৎকিসার জন্য পাঠানো হয়েছে। তবে এখনও প্রায় ২৫ থেকে ৩০ জন নির্মাণ শ্রমিক চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। 
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আকস্মিক ভাবে ধসের ঘটনা ঘটে। এসময় ৫০ থেকে ৬০ জন শ্রমিক ওই নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন। 
ঘটনাস্থলে থাকা বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শাহ আলম সরদার এ তথ্য নিশ্চিত করেছেন। 
মংলার নৌবাহিনী, কোস্টগার্ড, বাগেরহাট-মংলার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট উদ্ধার অভিযান অভ্যাহত রেখেছে। এদিকে এই ভবন ধসের পরপরই এই ফ্যাক্টরির প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়। ভবন ধসের খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে নিহত ও আহত শ্রমিকদের স্বজনেরা সেখানে এসে আহাজারি করতে থাকেন।   
বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শাহ আলম সরদার ঘটনাস্থল থেকে জানান, এ পর্যন্ত উদ্ধার হওয়া নিহত ৫ নির্মাণ শ্রমিকের লাশ মংলা বন্দর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত ৪ জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।