পদ্মা সেতুতে চাকরি দেয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগে রাজশাহীতে ভুয়া মেজর সিরাজুল হক চৌধুরী হেনাকে (৫০) আটক করেছে র্যাব-৫।
বুধবার রাতে নগরীর উপশহর ২ নম্বর সেক্টরের ২৫৩ বাড়ি থেকে র্যাব সদস্যরা তাকে আটক করে। সিরাজুল নওগাঁর নীন্দইল গ্রামের মৃত এমদাদ হক চৌধুরীর ছেলে।
র্যাব-৫ এর রেলওয়ে কোম্পানি কমান্ডার ড. মির্জা গোলাম সারোয়ার জানান, সিরাজুল হক চৌধুরী হেনা পদ্মা সেতুতে চাকরি দেয়ার নাম করে প্রতারণার মাধ্যমে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে অর্থ আদায় করতেন। নিজেকে মেজর পরিচয় দিলেও তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। টাকা নিয়ে চাকরি দিতে ব্যর্থ হলে প্রতারণার শিকার পবা উপজেলার মুরারীপুর গ্রামের সেন্টু আলীর ছেলে সাজেমুল ইসলাম তার বিরুদ্ধে র্যাবের কাছে অভিযোগ দেয়। পরে র্যাব সদস্যরা বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে।