বগুড়া থেকে অপহৃত রকিব উদ্দিন (৩০) নামে এক যুবকেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা বাজারে পাশে আ. মান্নানের চা’দোকানের সামন থেকে বুধবার রাতে উদ্ধার করেছে র্যাব। এসময় দুই অপহরণকারীকে আটক করা হয়। বৃহস্পতিবার র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়।
রকিব জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কলেজপাড়ার মৃত. আফসার আলী খন্দকারের ছেলে।
আটকরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার চক রহিমপুর গ্রামের আব্দুল বারী মিয়ার ছেলে মজনু মিয়া (২৩) ও একই গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে মানিক রওফে মাসুদ রানা (২৬)।
সংবাদ সম্মেলনে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক আশরাফ হোসেন ছিদ্দিক আরো জানান, মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৩ টার দিকে বগুড়ার সাতমাথা থেকে রকিবকে অপহরণ করে ওই দুই যুবক। পরে পরিবারের সদস্যদের কাছে তারা মোবাইল ফোনে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় রকিবের পরিবারের পক্ষ থেকে আক্কেলপুর থানায় একটি ডায়েরি করা হয়।
র্যাব অভিযান চালিয়ে ওই এলাকা থেকে বুধবার রাতে অপহৃতকে উদ্ধারসহ দুই অপহরণকারীকে আটক করে।