পুঁজিবাজারে ব্যাংকিং খাতের কোম্পানিগুলোর বড় দরপতন হয়েছে। বৃহস্পতিবার এ খাতের লেনদেনকৃত ৩০টি কোম্পানির মধ্যে ২৮টির দর কমেছে। একটির দর অপরিবর্তিত ছিল। এ দিন ব্যাংকিং খাতের কোম্পানিগুলোর শেয়াদর আগের দিনের তুলনায় ২ দশমিক ৮০ শতাংশ কমেছে। আগের দিন বুধবারও দরপতনের ক্ষেত্রে সবচেয়ে আগ্রাসী ছিল ব্যাংকিং খাত। এ খাতে লেনদেনকৃত ২৯টি কোম্পানির মধ্যে ২৬টির শেয়ারদর কমেছে। ৩টি কোম্পানির শেয়ারদর ছিল অপরিবর্তিত। সে দিন এ খাতের কোম্পানিগুলোর শেয়ারদর কমেছে ৩ শতাংশ।
তথ্যে দেখা গেছে—বৃহস্পতিবার দরপতনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টিই ছিল ব্যাংকিং খাতের। কোম্পানিগুলো হলো—এসআইবিএল, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক, ইউসিবিএল ও ঢাকা ব্যাংক।
তথ্যে দেখা গেছে—বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৮ কমে ৪ হাজার ৫৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্যসূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৭১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩২৮ কোটি ৫ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি ৭৭ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের দর।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১০০ কমে ১৩ হাজার ৯৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১৯ কোটি ২৩ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৯ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬২টির কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের দর।