পদ্মা সেতুতে কর্মরত চাইনিজ নাগরিক হি লুকানের লাশ বৃহস্পতিবার বিকালে উদ্ধার করা হয়েছে। এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে হি লুকান সেতু নির্মাণস্থলে নদীতে ডুবে নিখোঁজ হন।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিজাউল হক জানান, মাওয়া চৌরাস্তা বরাবর পদ্মা সেতুর ৩ নং পিলারের কাছাকাছি নদীর মাঝে সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজের বেশ কয়েকটি জাহাজ নোঙর করা আছে। সেখানে একটি জাহাজে চাইনিজ ওয়ার্কার হি লুকান (৩৬) বুধবার রাতে কাঠের মাচার উপর দিয়ে আরেকটি জাহাজে যাওয়ার সময় পদ্মায় পরে যায়। ঘটনাস্থলের কাছে তার স্যান্ডেল পড়ে থাকায় ধারণা করা হয় তিনি নদীতে ডুবে গেছেন।
এ ব্যাপারে চায়না মেজর ব্রিজের পক্ষ থেকে লৌহজং থানা পুলিশকে অবহিত করার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড সদস্যরা বৃহস্পতিবার দুপুরে উদ্ধার অভিযানে নামে। পরে বিকালে লাশ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের পদ্মা সেতু কম্পোজিট মাওয়া ক্যাম্পের পেটি অফিসার মতিউর রহমান জানান, বিকেল নিখোঁজ ওই চীনা নাগরিকের লাশ ঘটনাস্থলের পাশেই পদ্মা নদীতে খুঁজে পায় কোস্ট গার্ড।
লৌহজং থানার ওসি আরো জানান, নিহত চাইনিজের লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ চায়না মেজর ব্রিজ কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়া হবে। এ ব্যাপারে বিকালে লৌহজং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।