জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী লন্ডনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে তার হোটেল স্যুটে সাক্ষাৎ করেছেন। এ সময় স্পিকার রাষ্ট্রপতির স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহ্সানুল করিম লন্ডন থেকে টেলিফোনে বাসসকে জানান, স্পিকার ড. শিরীন শারমিন বুধবার রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎকালে তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল চেকআপের জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ তার স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য গত ৬ মার্চ লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। আগামী ১৫ মার্চ তিনি ঢাকা ফিরবেন বলে আশা করা হচ্ছে।
কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের নির্বাহী কমিটির (সিপিএ) চেয়ারপার্সন ড. শিরিন শারমিন সিপিএ সদর দফতরে তার দাপ্তরিক কাজের জন্য গত ৭ মার্চ লন্ডনে যান।
রাষ্ট্রপতি ইতোমধ্যেই লন্ডনের মোরফিল্ড হাসপাতালে তাঁর চোখের চিকিৎসা এবং বুপা ক্রোমওয়েল হাসপাতালে হার্ট চেকআপ করিয়েছেন। চিকিৎসকরা জানান, রাষ্ট্রপতির চোখ ভাল আছে। খবর বাসস।