লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন দহগ্রাম ইউনিয়নের কাতিপাড়া সীমান্ত থেকে আসমত আলী নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার ভোরে দহগ্রাম ইউনিয়নের কাতিপাড়া সীমান্তের ৬ নম্বর মেইন পিলারের ১৩ নম্বর সাবপিলার এলাকায় এ ঘটনা ঘটে। তবে ভারতীয় বিএসএফের সাথে রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা হওয়ায় তাদের পক্ষ থেকেও ওই বাংলাদেশি ফেরত আনার ব্যাপারে বিএসএফের সাথে যোগাযোগ চলছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
দহগ্রাম বিজিবি ও এলাকাবাসী জানায়, উপজেলার দহগ্রাম ইউনিয়নের কাতিপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে আসমত আলীসহ (২৩) ৩ বাংলাদেশি ওই এলাকায় ভুট্টা ক্ষেতে পানি দেয়ার সময় আকস্মিক ভাবে ভারতীয় কুচবিহার-১৩ বিএসএফ ব্যাটালিয়নের হিম্মত ক্যাম্পের টহল দলের সদস্যরা ধাওয়া করে আসমত আলীকে ধরে নিয়ে যায়। অপর দুই বাংলাদেশি মালেক হোসেন (২৮) ও উমর আলী (২৫) পালিয়ে আসেন।
এ ঘটনায় রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়ন ও লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে কড়া প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশি আসমত আলীকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।