বিশ্বের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মধ্যে এ বছরও শীর্ষ স্থান দখলে রেখেছে যুক্তরাষ্ট্রে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ২০১১ সাল থেকে টানা পঞ্চমবারের মত এই সম্মান অর্জন করল বিশ্ববিদ্যালয়টি।
২০১৫ সালের টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড রেপুটেশন র্যাঙ্কিং-এর তালিকা প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। দুই ধাপ উপরে উঠে হার্ভার্ডের পরেই রয়েছে ব্রিটেনের দুটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। এর আগে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল যথাক্রমে ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। এবার দুধাপ নিচে নেমে গেছে এই দুই বিশ্ববিদ্যালয়।
শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১২ ও ২৪তম স্থানে রয়েছে এশিয়ার দুই বিশ্ববিদ্যালয়। টোকিও বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর রয়েছে এই স্থানে। ব্রাজিল, রাশিয়া এবং চীনের শিক্ষাপ্রতিষ্ঠানের নামও আছে শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায়। ২০১৪-র ডিসেম্বর থেকে ২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত ১৪২টি দেশের জনমত নিয়ে এই সমীক্ষাটি চালিয়েছে টাইমস হায়ার এডুকেশন। সূত্র: দ্য টেলিগ্রাফ