যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের ফার্গুসন শহরের পুলিশ প্রধানের পদত্যাগের পর চলমান আন্দোলনের মাঝেই দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করা হয়েছে। এদের একজনের মুখে ও অপরজনের কাঁধে গুলি লেগেছে। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বুধবার রাতে পুলিশ প্রধানের কার্যালয়ের বাইরে বিক্ষোভকারীরা পুলিশের দেয়া ব্যারিকেড ভাঙার সময় পুলিশকে লক্ষ্য করে তিনটি গুলি করা হয়। তবে ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ।
গত বছর এই একই শহরে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোরকে পুলিশ গুলি করে হত্যার পর ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। বিক্ষোভকারীরা দাবি করে, নিরপরাধ কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করার মাধ্যমে পুলিশ তার বর্ণবাদী মানসিকতার পরিচয় দিয়েছে।
ঘটনাস্থল থেকে একজন পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের জানান, সেখানে ওই দুই পুলিশ কর্মকর্তা দাঁড়িয়ে থাকার সময় গুলিবিদ্ধ হন। কেবলমাত্র পুলিশ কর্মকর্তা হওয়ার কারণেই তাদেরকে গুলি করা হয়। গুরুতর আহত হলেও তারা জীবিত রয়েছেন এবং জ্ঞান হারাননি।