ফেনীতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের মাঝ থেকে ভয় আতংক কাটিয়ে উঠতে হবে। পেট্রোল বোমা ও ককটেলের বিরুদ্ধে ঘৃণার আগুন ছড়িয়ে দিতে হবে। বিরোধীদল মধ্যবর্তী নির্বাচন চায়, এ যেন মামার বাড়ির আবদার, লাগাতার সহিংসতাকে জনগণকে সাথে নিয়ে পরাজিত করতে হবে। শক্তির উত্স হচ্ছে জনগণ। আতংক আর ভয় আছে বলে আমরা ভয়কে জয় করব, এ ভয় কাটিয়ে উঠতে হবে।
বৃহস্পতিবার বিকেলে ফেনীর ট্রাংক রোডস্থ দোয়েল চত্বরে জেলা আওয়ামী লীগ আয়োজিত ২০ দলীয় জোটের সন্ত্রাস ও নৈরাজ্যৈর প্রতিবাদে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর প্রমুখ।
মন্ত্রী ওবায়দুল কাদের ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা প্রসঙ্গে বলেন, আমি ওয়াদা করেছিলাম, একরাম হত্যাকারী যেই হোক, তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার করা হবে, সেই প্রক্রিয়াই হয়েছে। খুনিদের শাস্তি অবশ্যই পেতে হবে। কেউ রেহাই পাবে না।