একদিকে বোমায়, অন্যদিকে বিচারবহির্ভূতভাবে হত্যাকাণ্ড চলছে: বি. চৌধুরী

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। একদিকে বোমা মেরে মানুষ হত্যা করা হচ্ছে। আরেকদিকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে। আসলে দেশের অধিকাংশ নেতা ও বক্তা জনগণের ভাষা বোঝেন না। এই কারণে তারা সফল হতে পারছেন না।
বিশিষ্ট রাজনীতিক মরহুম মশিউর রহমান যাদু মিয়ার ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে  বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘মশিউর রহমান যাদু মিয়া জাতীয় স্মৃতি কমিটি’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বি. চৌধুরী বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে যাদু মিয়ার মত একজন সফল ব্যক্তির দরকার ছিল। তার মতো একজন ব্যক্তি থাকলে দেশের এই সমস্যা সমাধানে অবশ্যই এগিয়ে আসতেন।
আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন- অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, সাংবাদিক মাহফুজ উল্যাহ ও ছড়াকার আবু সালেহ প্রমুখ।