নাইজেরিয়ার জঙ্গিগোষ্ঠী বোকো হারামের আনুগত্য গ্রহণ করেছে ইসলামিক স্টেট (আইএস)। এক অডিওবার্তার মাধ্যমে আইএস এই তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অডিও বার্তায় আইএসের মুখপাত্র বলেছেন, খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্য এখন পশ্চিম আফ্রিকায় বিস্তৃত করা হয়েছে। যদিও ঐ অডিও বার্তার সত্যতা যাচাই করা হয়নি।
অডিওবার্তায় নিজেকে আইএসের মুখপাত্র পরিচয় দানকারী ব্যক্তির নাম মোহাম্মাদ আল-আদনানি। তিনি বলেন, ‘আমরা আপনাদেরকে একটি সুসংবাদ জানাচ্ছি, আমরা পশ্চিম আফ্রিকাতেও ইসলামি রাষ্ট্রের বিস্তার ঘটাতে যাচ্ছি। কেননা খলিফা সুন্নি ভাইদের সংগঠন যারা ইসলাম প্রচার করছে এবং জিহাদ করছে তাদের আনুগত্য গ্রহণ করেছে।’
গত সপ্তাহে বোকো হারাম এক বার্তায় আইএসের প্রতি আনুগত্য স্বীকার করছে।
২০০৯ সাল থেকে বোকো হারাম উত্তর নাইজেরিয়ায় ইসলামি শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে।