ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ত্রিদেশীয় সফরে শুক্রবার সকালে শ্রীলঙ্কায় পৌঁছেছেন। গত ২৮ বছরের মধ্যে নরেন্দ্র মোদীই একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী যিনি শ্রীলঙ্কা সফরে গেলেন।
দুই দিনের এই সফরে তিনি দেশটির তামিল অধ্যুষিত এলাকা জাফনা পরিদর্শন করবেন যেখানে গত তিন দশকে গৃহযুদ্ধে ৭০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। সেখানে ভারতের সহায়তায় নির্মিত ২০ হাজার বাড়ি হস্তান্তর করবেন তিনি।
এখন পর্যন্ত চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে দেশ দুটির মধ্যে। এর মধ্যে রয়েছে ভিসা, শুল্ক, যুব উন্নয়ন ও শ্রীলঙ্কায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিস্তম্ভ নির্মাণ সংক্রান্ত চুক্তি।
এছাড়াও শনিবার দেশটির আইনসভায় তার ভাষণ দেয়ার কথা রয়েছে।উল্লেখ্য, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের গত জানুয়ারির সফরে- 'দিল্লির সাথে মিত্রতাকে অগ্রাধিকার দেয়া হবে' বলার পর সফরে গেলেন মোদী। অথচ শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মহেন্দ্র রাজাপাকসে ভারতের প্রতিপক্ষ চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছিলেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া