গণিতে কাঁচা পাত্র, বিয়ে ভেঙে দিল পাত্রী!

 
যৌতুক, দাবিদাওয়া, বা উদ্ভট কোন শর্ত দিয়ে বিয়ের আসর ছেড়ে পাত্রের চলে যাওয়ার ঘটনা হর-হামেশাই ঘটে। কিন্তু এবার ঘটল উল্টোটা। বিয়ের আসর থেকে উঠে গেলেন পাত্রী নিজেই। কারণ পাত্র একটি সাধারণ গণিতের সমাধান করতে পারেননি। জানিয়ে দিয়েছেন গণিতে কাঁচা পাত্রকে তিনি বিয়ে করবেন না। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের কানপুরের দেহাত জেলার।
পাত্রীর শুরু থেকেই সন্দেহ ছিল পাত্রের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। তাই বিয়ের আসরেই বোনকে দিয়ে পাত্রকে খুবই একটি ছোটখাট গাণিতিক সমস্যার সমাধান করতে দেন। প্রশ্ন করা হয় ১৫-র সঙ্গে ৬ যোগ করলে কত হয়? আর এতেই বেরিয়ে পড়ে থলের বেড়াল। পাত্র জবাব দেন, ১৭! বিয়ের পিড়ি থেকে তৎক্ষণাত উঠে পড়েন পাত্রী।
পরিষ্কার জানিয়ে দেন, কোনওভাবেই একটা অশিক্ষিতকে বিয়ে করবেন না তিনি। বরপক্ষ থেকে তাকে বোঝানোর সব রকমের চেষ্টা করা হলেও আর রাজি হননি পাত্রী।
পাত্রীর বাবা মোহর সিংহ এ প্রসঙ্গে বলেন, তারা পাত্রকে যা প্রশ্ন করেছেন, ক্লাস ওয়ানের একটা বাচ্চাও তার সঠিক উত্তর দিতে পারবে। তিনি অভিযোগ করেন, ছেলের বাড়ির লোকজন শুরু থেকেই তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে তাঁদের অন্ধকারে রেখেছিলেন। কনের বাবার দাবি এটা  দুই পক্ষের জন্যই অপমানজনক ও অস্বস্তিকর। পাত্র-পাত্রী দুপক্ষই নিজেদের মধ্যে আদানপ্রদান করা সমস্ত উপহার ও গয়না ফেরত দিয়ে দিয়েছে। তাই পুলিশকে জানানো হলেও তারা কোনও পদক্ষেপ নেয়নি। সূত্র: আনন্দবাজার