বিচারক না আসায় ফের পেছাল নূর হোসেনের চার্জ গঠন

 
আদালতে বিচারক আসেনি। তাই পশ্চিমবঙ্গে ফের পিছিয়ে গেল নূর হোসেনের মামলার চার্জ গঠন। নতুন চার্জ গঠনের দিন ঠিক হয়েছে ২২ এপ্রিল।
শুক্রবার পশ্চিমবঙ্গের বারাসত আদালতে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রবীর কুমার মিশ্রর এজলাসে নূরের মামলার চার্জ গঠনের দিন ঠিক হয়েছিল। দমদম জেল থেকে নূর হোসেন এবং তার দুই সঙ্গীকে আনাও হয়েছিল। কিন্তু বিচারক এলেন না আদালতে। রাতে জানানো হয় ২২ এপ্রিল হবে পরবর্তী শুনানি।
কলকাতার উপকণ্ঠে বাগুইহাটির কৈখালির ইন্দ্রপ্রস্থ এপার্টমেন্ট থেকে গত বছর ১৪ জুন গ্রেপ্তার হন নারায়ণগঞ্জের ৭ খুনের আসামি নূর হোসেন এবং তার ২ সঙ্গী। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ, অস্ত্র আইন এবং জুয়া খেলার অভিযোগে মামলা হয়।