খুনিদের সাথে কিসের সংলাপ: প্রধানমন্ত্রী

 
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিএনপি নেত্রীর সংলাপের প্রস্তাব আবারো নাকচ করে দিয়ে বলেছেন, ‘খুনিদের সঙ্গে কিসের সংলাপ? যার হাতে রক্ত, পোড়া মানুষের গন্ধ, যে মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না, সেই খুনি জঙ্গি নেত্রীর সঙ্গে কোনো সংলাপ হতে পারে না। টেলিফোনে কথা বলার সময়ে যে মহিলা গালি দেয় এবং তার সন্তানের মৃত্যুতে সমবেদনা জানাতে গেলে অফিসের গেট বন্ধ করে রাখে, সেই মহিলার সঙ্গে আমরা কেন আলোচনায় বসবো?’
 
শনিবার খামারবাড়ীস্থ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পেশাজীবী মহাসমাবেশে-২০১৫ এ প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। বিএনপি-জামায়াত জোটের দেশবিরোধী ধ্বংসাত্মক ও জঙ্গিবাদী কর্মকান্ডের প্রতিবাদে পেশাজীবী সমন্বয় পরিষদ এ মহাসমাবেশের আয়োজন করে।
 
শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি হয়েছেন, উনি যেন আদালতে গিয়ে আত্মসমর্পন করেন। সারেন্ডার করলে সেটা তাঁর জন্যই ভালো হবে। উনার স্থান ওখানেই (আদালত)। তবে উনি আত্মসমর্পণ না করলে সরকার আদালতের নির্দেশ পালনে বাধ্য হবে। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আদালতে গিয়ে খালেদা জিয়াকে আত্মসমর্পন করার পরামর্শ দিয়ে দেন তিনি।
 
খালেদা জিয়ার প্রধানমন্ত্রী পদে থাকার বিষয়টি মনে করিয়ে দিয়ে তিনি বলেন, যারা সরকারপ্রধান থাকেন, তাদের তো প্রথমে আইন মানতে হবে। শেখ হাসিনা বলেন, বিএনপি নেত্রীর বিচার বিভাগের প্রতিও ন্যুনতম শ্রদ্ধা নেই। তিনি আইন-আদালত, বিচার কিছুই মানেন না। এ কারণেই তিনি দুর্নীতি মামলায় ৬৭ দিনের মধ্যে মাত্র ৭ দিন হাজিরা দিয়েছেন। সর্বশেষ ক্যাডারবাহিনী নিয়ে হাজিরা দিতে গেছেন বিচারকদের ভয় দেখাতে। তবে আইন-আদালত ও বিচার নিজস্ব গতিতেই চলবে।
 

নিখোঁজ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সালাহউদ্দিন আহমেদ গভীর আন্ডারগ্রাউন্ডে থেকে প্রায় প্রতিদিনই বিবৃতি দিচ্ছিলেন, সবাই জানে তিনি খালেদার গুলশান কার্যালয় থেকে বিবৃতি দিচ্ছেন। যেদিন খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গেলাম, সেদিনও জানলাম সালাহউদ্দিন সেখানেই আছেন। অথচ সাংবাদিক সম্মেলন করে খালেদা জিয়া বললেন তাকে না-কি খুঁজে পাওয়া যাচ্ছে না! উনার দলের যুগ্ম মহাসচিব কোথায় গেলেন, তাঁর জবাব আমরা কীভাবে দেবো! আসলে হঠাত্ খালেদা জিয়া তাকে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিয়ে সরকারের ওপর ওপর দায় চাপাচ্ছেন। সিটি করপোরেশন নাকি খালেদা জিয়ার অফিস থেকে আট বস্তা ময়লা-আবর্জনা বের করেছে। এখন খালেদা জিয়া ওই আট বস্তা ময়লার সঙ্গে সালাহউদ্দিনকেও কোথাও পাচার করে দিয়েছেন কীনা- কে জানে! তিনি বলেন, সালাহউদ্দিনের বিরুদ্ধে মামলা রয়েছে। পুলিশ তাঁকে গ্রেফতার করার জন্য খুঁজছে। সে কোথায় তার জবাব খালেদা জিয়াই দিতে পারবে।