পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিজিবি ও বিএসএফ’র মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় সীমান্তের মেইন পিলার ৪৪৩ এর সাব পিলার ৮ সীমানাস্থলে ওই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি’র পক্ষে ৯ সদস্যদের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আরিফ শাহারিয়ার শাম্স এবং বিএসএফ’র পক্ষে ৯ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ৬৬ ব্যাটালিয়নের অধিনায়ক কে গনেশ।
বিজিবি সূত্র জানায়, প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে বিএসএফ-বিজিবি সীমান্তে শান্তি-শৃংখলা বজায় রাখাসহ সীমান্তে চোরাচালান প্রতিরোধে উভয় পক্ষ ঐকমত্য পোষণ করেন। একই সঙ্গে বিএসএফ দায়িত্ব পালন কালে আন্তর্জাতিক সীমানা পিলার অতিক্রম করবে না বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। পাশাপাশি বাংলাদেশি পাথর শ্রমিকদের মহানন্দা নদীতে পাথর তুলতে বিএসএফ’র পক্ষ থেকে আপত্তি জানানো হয়। বৈঠক শেষে শুক্রবার বিকেলে সিদ্দিক নগর গ্রামে বিএসএফ’র ফেলে যাওয়া ওয়াকিটকি সেটটি ফেরত দেয় বিজিবি।