দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ভানুয়াতুতে পাঁচ মাত্রার ভয়াবহ ঘূর্ণিঝড় পামের আঘাতে বহু মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘের ত্রাণ সংস্থাগুলো। শুক্রবার রাতে ঘণ্টায় ২৭০ কিলোমিটার (১৭০ মাইল/ঘণ্টা) বেগে বয়ে যাওয়া বাতাসের তাণ্ডবে ভানুয়াতুতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর বিবিসির।
এক বিবৃতিতে জাতিসংঘের স্থানীয় ত্রাণ দফতর অসমর্থিত প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, ভানুয়াতুর উত্তরপূর্বদিকের পেনামা প্রদেশে ৪৪ জনের মৃত্যু হয়েছে।
ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার পর দেশটির বিশাল এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ত্রাণ সংস্থাগুলো শনিবার জানিয়েছে, ক্ষয়ক্ষতির প্রকৃতচিত্র পাওয়ার জন্য কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূণিঝড় পরবর্তী ব্যাপক বৃষ্টিপাত, হঠাৎ বন্যা, ভূমিধস ও ঝড়ের আশঙ্কা করছেন তারা। দেশটির ছয়টি প্রদেশের সবগুলোতেই রেড অ্যালার্ট জারি করে সব বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।