নতুন মামলায় ফারাবী আরো ৫ দিনের রিমান্ডে

প্রকৌশলী ও লেখক ড. অভিজিৎ রায় হত্যা মামলায় গ্রেপ্তার প্রধান সন্দেহভাজন শফিউর রহমান ফারাবীকে তথ্য প্রযুক্তি আইনের একটি মামলায় ফের পাঁচ দিনের রিমান্ড পেয়েছে পুলিশ।
 
অভিজিৎ হত্যার ঘটনায় শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় গত ৩ মার্চ তাকে ১০ দিন রিমান্ডে নেয়া হয়। ওই মামলায় জিজ্ঞাসাবাদ শেষে গতকাল শনিবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় ফারাবীকে।
 
এরপর রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় ফারাবীকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন রিমান্ড চান তদন্ত কর্মকর্তা ডিবি’র পরিদর্শক অহিদুজ্জামান।
 
ফেসবুকে বিভিন্ন ব্যক্তিকে হত্যার হুমকির অভিযোগে আদালতে রিমান্ড আবেদন শুনানিকালে ফারাবীর পক্ষে কোন জামিন আবেদন ছিল না। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
খুন হওয়া অভিজিতকে হত্যার হুমকি দিয়েছেন ফারাবী এই অভিযোগে গত ২ মার্চ যাত্রাবাড়ী থেকে র্যাব গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। পরেরদিন এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিন রিমান্ড মঞ্জুর করে আদালত।
 
প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে ফেরার পথে রাত ৯ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকার বটতলায় বইমেলায় ঢোকার নিরাপত্তা ফটকের সামনে অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। মারা যান অভিজিৎ। ঘটনাস্থলে গুরুতর আহত তার স্ত্রী বন্যাকে আমেরিকায় উন্নত চিকিত্সার জন্য পাঠানো হয়। বর্তমানে সেখানেই  চিকিত্সাধীন।
এ ঘটনার পরদিন নিহত অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় শাহাবাগ থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
 
এর আগে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি বাসায় ফেরার পথে পল্লবীর কালশীর পলাশনগরে একই ষ্টাইলে অজ্ঞাত আততায়ীর হাতে নিহত হন শাহবাগ প্রজন্ম চত্বরের আন্দোলনের অন্যতম উদ্যোক্ত আহমেদ রাজীব হায়দার শোভন।
 
ওই সময় রাজীব হায়দারের জানাজা পড়ানোয় ইমামকে হত্যার হুমকি দিয়ে গ্রেপ্তার হন ফারাবী। ২০১০ সালেও একবার গ্রেপ্তার হয়েছিল সে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের (২০০৫-০৬ শিক্ষাবর্ষ) অনিয়মিত ছাত্র ফারাবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনের শুরুতে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত হয়। পরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরিরের সঙ্গে জড়িত হয়।