খালেদার কার্যালয়ের সামনে দগ্ধদের চেহারা সংবলিত ব্যানার

চলমান অবরোধ হরতালে পোট্রোলবোমায় নিহতদের ছবি সম্বলিত একটা বিশাল ব্যানার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে টানিয়ে দিয়েছে সচেতন তরুণ প্রজন্ম নামে একটা সংগঠন।
 
শনিবার দুপুরে হরতাল- অবরোধের প্রতিবাদে তারা ব্যানারটি টানিয়ে দেয়। এ সময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
 
টানানো ব্যানারটির মধ্যে লেখা আছে- ‘এদের কি অপরাধ?’ ব্যানারটি টানিয়ে সংগঠনের নেতাকর্মীরা দু’টি ফুলের তোড়াও সেখানে রেখে নিহতদের প্রতি শ্রদ্ধা জানায়।
 
এর আগে ‘সচেতন তরুণ প্রজন্ম’র আহ্বায়ক আসাদুজ্জামান উজ্জ্বলের নেতৃত্বে নেতা-কর্মীরা খালেদা জিয়ার কার্যালয়ের সামনে অবস্থান নেন।
 
এ সময় পুলিশ বাধা দিলে তারা বলেন, আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ। আমরা ম্যাডাম খালেদা জিয়াকে বলতে এসেছি- হরতাল-অবরোধের নামে নিরীহ ও সাধারণ মানুষকে পেট্রলবোমা মেরে হত্যা করবেন না। আমাদের সবাইকে শান্তিতে থাকতে দিন।
 
‘শিক্ষার ওপর আঘাত কেন?’ ‘দেশ ধ্বংসের অপরাজনীতি বন্ধ করুন’, ‘নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চাই, ‘ধ্বংসের রাজনীতি বন্ধ কর’, প্রভৃতি স্লোগান সম্বলিত ফেস্টুন হাতে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে আসা তরুণদের বেশিরভাগই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও সরকারি তিতুমীর কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী।
 
প্রসঙ্গত যে, গত ২২ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের উল্টো পাশের দেয়ালে চলমান পেট্রোলবোমা ও আগুনে দগ্ধ ৫৪ জনের নামের তালিকাসংবলিত একটি ব্যানার টানিয়ে দেয় বেশ কয়েকটি সংগঠন। এতে নেতৃত্ব দেন অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সংসদ সদস্য তারানা হালিম।