নির্বিঘ্নে শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম পরিচালনা এবং সহিংসতা বন্ধের দাবিতে দেশের ২ হাজার ১৫৪ কলেজের শিক্ষক-ছাত্র, কর্মকর্তা-কর্মচারীরা একযোগে অভিন্ন ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার ১১টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর রশিদ, উপ-উপাচার্য আসলামুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক নোমান উর রশীদসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
উপাচার্য বলেন, লাগাতার সহিংস রাজনৈতিক কর্মসূচির কারণে এসএসসি, এইচএসসি ও স্নাতকের ২০ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবন ধ্বংসের পথে। শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আমরা একযোগে মানববন্ধন করেছি।
কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষকরা বলেছেন, সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিক্ষাঙ্গনে, যা শিক্ষার্থীদের জন্য অপূরণীয় ক্ষতি। এভাবে চলতে থাকলে দেশের শিক্ষা ব্যবস্থা বলে কিছু থাকবে না। আমরা এ ধরনের রাজনৈতিক সহিংস আন্দোলনকে সমর্থন করি না।
‘শংকামুক্ত জীবন চাই, নিরাপদে ক্লাস করতে পরীক্ষা দিতে চাই, শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধ কর’ তিন বাক্যে এমনই শ্লোগান লেখা ছিল প্রতিটি মানব বন্ধন কর্মসূচির ব্যানারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই এ শ্লোগান নির্ধারণ করা হয়।